ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৫ ও বৈশ্বিক ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাপোর্ট প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যাদের প্রতি সকল ধরনের ডিজিটাল সহিংসতা বন্ধে একতাবদ্ধ হই (UNITE to End Digital Violence Against All Women and Girls)”—যা বর্তমান ডিজিটাল যুগে অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। র্যালিটি উদ্বোধন ও নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান।
পরে নারী ও কন্যাদের প্রতি ক্রমবর্ধমান ডিজিটাল সহিংসতা বিষয়ে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরণ মহিলা সমবায় সমিতি (এপেক্স বডি)-এর সদস্য মোঃ বেবী সুলতানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও জনাব জিল্লুর রহমান। তিনি বলেন, “বর্তমান ডিজিটাল যুগে কেউই ডিজিটাল হয়রানির বাইরে নয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারী ও কন্যারা। এ বিষয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।” তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং সাপোর্ট প্রকল্পকে সময়োপযোগী কার্যক্রম আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ডিজিটাল সহিংসতা রোধে আরও ব্যাপক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাপোর্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব কাজল কুমার বসাক। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় অধিকারভোগী, কমিউনিটির সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রকল্পের কর্মীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ রূপ দেয়।

0 মন্তব্যসমূহ