নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া ও পারুলিয়া বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলন, সশস্ত্র বাহিনী গঠন, নদীভাঙন সৃষ্টি এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন স্থানীয় বৈধ বালুমহল ব্যবসায়ী প্রিন্স মাহমুদ। তিনি এক প্রতিবাদী বিবৃতিতে এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে প্রিন্স মাহমুদ বলেন, তিনি জেলা প্রশাসনের নিয়ম অনুযায়ী বৈধ ইজারাভুক্ত এলাকার মধ্যেই বালু উত্তোলন পরিচালনা করেন। ইজারা সীমা অতিক্রম করে ব্যক্তিমালিকানাধীন জমি কিংবা ভাঙন-প্রবণ স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগ “সর্বৈব ভিত্তিহীন”। তিনি দাবি করেন, নিয়মিত তদারকির কারণে ইজারার বাইরে কাজ করা সম্ভব নয়।
প্রিন্স মাহমুদ তার নামে ‘৭০–৮০ জনের সশস্ত্র বাহিনী’ থাকার অভিযোগকে “কাল্পনিক গল্প” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তার সঙ্গে কাজ করা শ্রমিকরা সাধারণ দিনমজুর; কোনো বাহিনী বা আগ্নেয়াস্ত্রধারী লোকজনের বিষয়টি সম্পূর্ণ মনগড়া এবং তার সামাজিক ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
একই বিবৃতিতে তিনি সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, ক্যামেরা–মোবাইল ছিনতাই ও গুলি ছোঁড়ার অভিযোগও জোরালোভাবে অস্বীকার করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি বা তার কোনো কর্মী ঘটনাস্থলে ছিলেন না। বরং একটি মহল পরিকল্পিতভাবে তার ওপর দায় চাপানোর উদ্দেশ্যে এসব নাটক সাজিয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদ বলেন, নদীভাঙন একটি স্বাভাবিক ভৌগোলিক প্রক্রিয়া। তার বালুমহলের কারণে বিদ্যালয়, মাদরাসা বা বসতবাড়ি নদীগর্ভে বিলীন—এ ধরনের বক্তব্য অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, ইজারা বিধি অনুযায়ী নিরাপদ দূরত্ব মেনে এবং পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করে বালু উত্তোলন করা হয়। বিদ্যুৎ লাইন ধসে পড়ার আশঙ্কার মতো তথ্যও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের সরবরাহ করা অপতথ্যের ভিত্তিতেই সাংবাদিকরা ভুল তথ্য প্রচার করেছেন বলে দাবি করেন তিনি।
প্রিন্স মাহমুদ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশিত সংবাদের অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংবাদ পরিবেশনের আগে যথাযথ অনুসন্ধান করারও আহ্বান জানান তিনি।

0 মন্তব্যসমূহ