নবাবগঞ্জে গভীর রাতে ক্লাস টেনের ছাত্রীকে ছুরিকাঘাত, রংপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন



ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে গভীর রাতে বাড়িতে ঢুকে এক ক্লাস টেনের ছাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ছাত্রী সানজিদা খাতুন (১৫) নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা সানজিদার নিজ কক্ষে প্রবেশ করে তার মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।


চিকিৎসক সূত্রে জানা গেছে, সানজিদার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ