নবাবগঞ্জে অবৈধভাবে ঘোড়া জবাই: ৩ জনের এক বছর করে কারাদণ্ড


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি খামারে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন—নেত্রকোনা জেলার আব্দুল্লাহ (৩৫), নীলফামারী জেলার রবিউল ইসলাম (৩২) এবং রংপুর সদর উপজেলার রুবেল মিয়া (৩৫)।


ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেন।


স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন, “এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন ও স্থানীয়দের আরও সতর্ক থাকতে হবে।”


নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জবাইকৃত ঘোড়ার মাংস ঢাকায় নিয়ে বিক্রির পরিকল্পনা ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ