স্বনির্ভর নারীদের সাফল্যে শেরনগরে ইসলামিক রিলিফ–ফান্ডেড সাপোর্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন মুগ্ধ ইউএনও


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :- ২৯ নভেম্বর ২০২৫:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান শনিবার উপজেলার শেওরনগর ও পুটিমারা এলাকায় ইসলামিক রিলিফ কানাডা–ফান্ডেড সাপোর্ট (SUPPORT) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় নারীদের নেতৃত্বে পরিচালিত শেওরনগর সেল্ফ-হেল্প গ্রুপ (SHG)–এর উল্লেখযোগ্য অগ্রগতি, সঞ্চয়, সামাজিক উদ্যোগ ও পরিবর্তন প্রত্যক্ষ করেন।


ইউএনওকে প্রকল্পস্থলে স্বাগত জানান ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক। তিনি ইউএনওকে EEGP (Enhancing Economic & Gender Empowerment Programme) মডেলসহ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।


সভায় শেওরনগর সেল্ফ-হেল্প গ্রুপের সভাপতি সেফাতুন বেগম ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন,

“আজ আমাদের জন্য খুবই আনন্দের দিন। আমরা কখনো ভাবিনি ইউএনও স্যার আমাদের গ্রুপে আসবেন—এটা আমাদের জীবনের এক স্মরণীয় ঘটনা।”


তিনি জানান, একসময় গ্রুপের সদস্যরা ছিলেন সম্পদহীন; বর্তমানে তাদের সমবায় সঞ্চয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকায়। নিজেদের সঞ্চয় থেকে তারা বিনা সুদে ঋণ প্রদান, চাল সঞ্চয় কর্মসূচি, জরুরি সময়ে আর্থিক সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ওপর সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ সফলভাবে পরিচালনা করছেন।


গ্রুপ সদস্যদের সাফল্যের গল্প শুনে ইউএনও মোঃ জিল্লুর রহমান গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন,

“আমি সত্যিই মুগ্ধ। আপনারা যে এত সুন্দরভাবে স্বনির্ভর হয়েছেন—তা প্রশংসনীয়। আগে আমরা ভাবতাম এনজিও মানেই ঋণ দেওয়া; কিন্তু এখানে এসে বুঝলাম উন্নয়নমূলক কার্যক্রম মানুষের জীবন বদলে দিতে পারে।”


তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।


এ সময় গ্রুপ সদস্যরা ইউএনওর কাছে জানান, তাদের বাড়ির পাশে একটি রাস্তা বর্ষায় কাদায় ডুবে থাকে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরিস্থিতি জানার পর ইউএনও তাৎক্ষণিকভাবে রাস্তা পরিদর্শন করেন এবং দ্রুত পুনর্গঠনের আশ্বাস দেন।


পরিদর্শন শেষে ইউএনও জলবায়ু সহনশীল মডেল ফার্মহাউস এবং প্রদর্শনী প্লট ঘুরে দেখেন এবং প্রকল্পের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ