ওয়ায়েস কুরুনী,স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক ও বিস্তারিত আলোচনা হয়। চুরি, ধর্ষণ, বাল্যবিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়িয়ে হেয়ারক্যাপে শিশু শ্রম, অবৈধ বালু উত্তোলন, মাদক, চোরাচালান ও জুয়া নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন, উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যানরা, জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। পুলিশের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। আসুন, আমরা সবাই মিলেই শান্তিপূর্ণ নবাবগঞ্জ গড়ে তুলি।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির মাহফুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

0 মন্তব্যসমূহ