ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া–ডুকডুগী সড়কে জামায়াতে ইসলামীর একটি প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে ভটভটি দুর্ঘটনায় মোঃ মমতাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
নিহত মোঃ মমতাজ উদ্দিন পালশা ইউনিয়নের দেওগ্রাম পূর্বপাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ভটভটি চালকের সহযাত্রী হিসেবে পাশে বসে ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে চাটশাল ও দামপাড়া মাঝামাঝি এলাকায় ভটভটি গাড়িটি ওভারটেক করার সময় চালক হ্যান্ডেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি বেপরোয়া হয়ে পড়ে এবং পাশে বসে থাকা মোঃ মমতাজ উদ্দিন সড়কে ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যেই গাড়িটি তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও অন্তত পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ওসমানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং নিহতের পরিবারে চলছে মাতম।
এদিকে দুর্ঘটনার পর জামায়াতে ইসলামীর আমির মুঠোফোনে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং শোক ও সমবেদনা প্রকাশ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

0 মন্তব্যসমূহ