স্টাফ করেসপন্ডেন্ট
চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী এলাকায় অবস্থিত এ কে এম লাফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে মাদ্রাসার অফিস কক্ষের ছাদের টিন কেটে দুর্বৃত্তরা কম্পিউটার, ল্যাপটপ, আইপিএস, রাউডারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে অফিসে এসে ছাদের টিন কাটা ও মালামাল উধাও দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই গভীর রাতে চুরির ঘটনাটি ঘটানো হয়েছে।
ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ