ওয়ায়েস কারনী স্টাফ করেসপন্ডেন্ট:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিহাস সৃষ্টি হয়েছে। আল্লাহর অশেষ রহমত ও নবাবগঞ্জবাসীর অনুপ্রেরণায় এই হাসপাতালে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে।
নানান সীমাবদ্ধতার মধ্যেও এই সফল অপারেশন সম্পন্ন করায় আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। সফল সিজারিয়ান অপারেশনে নেতৃত্ব দেন ডা. খাদিজা, ডা. আদনান আরাফাত ও ডা. মুকসিদ। এছাড়া হাসপাতালের সকল নার্স ও সহায়ক কর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এ অর্জনের পেছনে দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মেহেদী বলেন,
“আমি নবাবগঞ্জবাসীকে কথা দিয়েছিলাম এই হাসপাতালটিকে রোগীবান্ধব করে গড়ে তুলব। ঔষধ ও জনবল স্বল্পতার কারণে প্রত্যাশিত সব সেবা দিতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আপনাদের উৎসাহ ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে সেবার মান আরও উন্নত করার চেষ্টা করা হবে। এ সময় তিনি সকলের কাছে ভুল-ত্রুটি মার্জনার অনুরোধ জানান।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি বিরাজ করছে।


0 মন্তব্যসমূহ