ঘোড়াঘাটে দস্যু চক্রের তাণ্ডব: মারধর করে অটো ছিনতাই, পুলিশের অভিযানে উদ্ধার—একজন গ্রেফতার


স্টাফ রিপোর্টার: দিনাজপুরের ঘোড়াঘাট থানা এলাকায় সংঘবদ্ধ দস্যু চক্রের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত (মিশুক) অটো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, পলাতক রয়েছে আরও দুইজন।


পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রামেশ্বরপুর মোড়ের পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ একরামুল হক (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-চৌধুরী গোপালপুর (বিলপাড়া), থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন।


এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা তাকে জখম করে ভয়ভীতি প্রদর্শনপূর্বক তার সবুজ রঙের চার ব্যাটারিসংযুক্ত তিন চাকার (মিশুক) অটো গাড়িটি ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত অটোর আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।


ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে মোঃ মোস্তফা ওরফে মোস্তা মিয়া (৫৬), পিতা-মৃত মকলেছ, সাং-কুন্দারামপুর, থানা-ঘোড়াঘাটকে গ্রেফতার করে। অপর দুই আসামি—মোঃ সুমন মিয়া (৩২), পিতা-নজরুল ইসলাম এবং মোঃ রফিকুল ইসলাম (৫৭), পিতা-মৃত আলতাফ ফকির, পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।


এ ঘটনায় ঘোড়াঘাট থানার মামলা নং-৪, তারিখ ১৪/০২/২০২৬ খ্রি., দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সাইফুল আলমের ওপর।


পুলিশ উদ্ধারকৃত অটো গাড়িটি জব্দ করেছে। থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “ঘোড়াঘাট থানা এলাকায় দস্যুতা ও ছিনতাই রোধে কঠোর নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”


বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ