দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক বেলা ১২টা ৩০ মিনিটে বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের বাসিন্দা মোঃ সজিব হাসান (২৫), পিতা- মোঃ মিজানুর রহমান এবং মোঃ রাব্বি, পিতা- মোঃ বাবলু সরকার। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, নিহত রাব্বির ঘরে রয়েছে মাত্র সাত মাস বয়সী একটি শিশু সন্তান। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকায়ও বিরাজ করছে গভীর শোক ও ক্ষোভ।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ