দিনাজপুরের নবাবগঞ্জে ডেমক্রেসিওয়াচ–এর উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল–এর অর্থায়নে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জের সীতাকুঠ বিহার–এর মনোরম পরিবেশে আয়োজিত এ সভা “Youth Connect; Youth Green Entrepreneurship Development Project”–এর আওতায় বাস্তবায়িত হয়।
রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা থেকে আগত ৪৫ জন তরুণ সবুজ উদ্যোক্তা তিনটি সবুজ উদ্যোগ নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ উদ্যোক্তাদের মধ্যে সবুজ ব্যবসার মৌলিক ও ব্যবহারিক ধারণা তৈরি, আত্মপর্যালোচনার সুযোগ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তাদের উদ্যোগকে ভবিষ্যতে আরও টেকসই, দায়িত্বশীল ও প্রভাবশালী করে তুলতে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।
মিটিংয়ে অংশগ্রহণকারী তিনটি সবুজ দল তাদের উদ্ভাবনী পণ্য ও সেবার বর্তমান অবস্থা উপস্থাপন করেন। তারা তুলে ধরেন—কিভাবে তাদের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ও টেকসই প্রভাব ফেলতে পারে।
উদ্যোক্তা সানজিদা আক্তার, ডেমক্রেসিওয়াচের ইন্টার্ন তরিকুল ইসলাম এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথ সবুজ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মৌলিক ধারণা, ট্রিপল বটম লাইন (গ্রহ, মানুষ, লাভ), ইএসজি ফ্রেমওয়ার্ক, প্লানেটারি বাউন্ডারিজ, সোনালী বৃত্ত, গভীর শ্রবণ, সবুজ গ্রাহক আচরণ, সবুজ ব্র্যান্ডিং ও গল্প বলা, ৪পি মার্কেটিং মিক্স, সবুজ পণ্য বিপণন পরিকল্পনা, ১৪টি গ্রিন বিজনেস ক্যানভাস, আর্থিক পরিকল্পনা, বাজেটিং, ব্রেক-ইভেন বিশ্লেষণ, প্রভাব-কেন্দ্রিক পিচ ডেক এবং অংশীদারিত্বের রোডম্যাপসহ উদ্যোক্তা উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন।
ফলোআপ মিটিংয়ে অতিথি ও মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসীম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আল আলিমুল রাজি, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোতাহের হোসেন চৌধুরী, উদ্যোক্তা শাহীন ফেরদৌসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অতিথিরা বলেন, সবুজ উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দিকনির্দেশনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবেন। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ নতুন ধারণা বিনিময় ও ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সব মিলিয়ে, এ আয়োজন তরুণ সবুজ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো. শাফিকুল ইসলাম, টিম লিডার, নবাবগঞ্জ দিনাজপুর।

0 মন্তব্যসমূহ