নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করা হয়েছে। “এসো এসো নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
নববর্ষ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নববর্ষের তাৎপর্য, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের এ আয়োজনকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অনুষ্ঠান বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0 মন্তব্যসমূহ