ওয়ায়েস কুরুনী, স্টাফ করেসপন্ডেন্ট:- কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। এ ঘটনায় দুই উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চাল বোঝাই ট্রাকে করে ধান কাটার শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন।
নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন—পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
অন্যদিকে, নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন—মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০) এবং ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। নবাবগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন মুঠোফোনে জানান, স্বল্প ভাড়ায় ট্রাকে করে শ্রমিকরা কাজে যাচ্ছিলেন।
এদিকে, হঠাৎ এই দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে নিহতদের পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজন হারানোর বেদনার পাশাপাশি পরিবারগুলোর সামনে দেখা দিয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে শ্রমিক পরিবহন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

0 মন্তব্যসমূহ