![]() |
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইটভাটায় কাজ করার সময় আগুনে দগ্ধ হয়েছেন এক শ্রমিক। আহত শ্রমিক মোঃ আতোয়ার হোসেন (পিতা: মোঃ জহির উদ্দীন) হিলি বিসা পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার রেজভীর ইটভাটায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ভাটায় খড়ি দেওয়ার সময় হঠাৎ তীব্র আগুনের তাপে তার ডান পা হাঁটুর নিচ থেকে মারাত্মকভাবে ঝলসে যায়।
ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইটভাটাগুলোতে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। দ্রুত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে ইটভাটার মালিক রিজভী জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শ্রমিক কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের কাছে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত তাকে হাসপাতালে পাঠিয়েছি এবং তার চিকিৎসার খরচ বহন করা হচ্ছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

0 মন্তব্যসমূহ