ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে ৯ শত কৃষকের মাঝে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং পটাশ ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়া ৪০ জন কৃষকের মাঝে পাটের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি এবং এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।
অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ১৫০ জন উপকারভোগীর মাঝে মোট ৩০০টি ছাগল (প্রতি জনকে ২টি করে), ৫০ কেজি খাদ্য, ৫টি মেট ও ২টি টিন প্রদান করা হয়।
এছাড়া সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৯ জন উপকারভোগীর মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ২টি করে ছাগল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ