নবাবগঞ্জে বিজ্ঞান মেলা, পুরস্কার বিতরণ ও বহুমুখী সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত



ওয়ায়েস কুরুনী স্টাফ করসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, নবাবগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি (দিনাজপুর-৬) এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলা পরিষদের তহবিল থেকে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝেও আর্থিক সহায়তা দেওয়া হয়।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও খেলার সামগ্রী বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কৃষি খাতেও বিশেষ সহায়তা প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে SACP-RAINS প্রকল্পের আওতায় ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ, সার ও ঝাঁঝড়ি বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ