ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ও হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে আফতাবগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুশদহ ইউনিয়নের নয়াপাড়া (জিয়ার মোড়) এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রি করছে।
পরে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোঃ জয়নাল (৪৫), পিতা-মৃত আবুল কালাম, সাং-মাদারিপুর, কুশদহ, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর।
তল্লাশীকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩০ পুঁড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ