নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ মূল্যায়ন কার্যক্রমের সূচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পরিচালনা কমিটির সভায় দেশব্যাপী বৃত্তি পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে নবাবগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনের পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা শিক্ষা অফিসার (ইউপিইও) মাসুমা আক্তার জানান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন (বালক ৩৭, বালিকা ৬৬) অনুপস্থিত ছিল। অন্যদিকে, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ জন (বালক ৬১, বালিকা ৮৩) পরীক্ষায় অংশ নেয়নি। দুই কেন্দ্র মিলিয়ে মোট ২৪৭ জন পরীক্ষার্থী প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, অত্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ