ওয়ায়েস কারুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার ফুড বাস্কেট বিতরণ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রাম বিকাশ কেন্দ্র, নবাবগঞ্জ এবং পিপিইপিপি-ইইউ প্রকল্প।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী, হাসপাতালের চিকিৎসকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এতিম ও অসহায় শিশুদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়। পাশাপাশি পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়, যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় জুড়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

0 মন্তব্যসমূহ