নিজস্ব প্রতিবেদক:ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘SUPPORT’ (সাপোর্ট) প্রকল্পের উদ্যোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বনির্ভর দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ১৪টি দলকে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত ১২১টি স্বনির্ভর দলের মধ্যে বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে এ দলগুলো নির্বাচন করা হয়।
সদস্যদের আত্মনির্ভরশীলতা, দলীয় সংহতি এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি অফিসের ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড গভর্নেন্স বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. শাহীনুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘SUPPORT’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজল কুমার বসাক। তিনি বলেন, স্বনির্ভর দলের সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম ও সক্রিয় অংশগ্রহণের ফলেই প্রকল্পের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হয়েছে।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ‘সাপোর্ট’ প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও জানান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সেবা স্বনির্ভর দলের সদস্যদের জন্য উন্মুক্ত রয়েছে, যাতে তারা সহজেই প্রয়োজনীয় সরকারি সুবিধা গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানের শেষপর্বে নির্বাচিত সেরা ১৪টি দলের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ