চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন


ওয়ায়েস কুরুন স্টাফ করেসপন্ডেন্ট :-সমগ্র বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চলমান হামলার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইউএইচএফপিও ফোরাম (UHFPO Forum) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা স্বাস্থ্যখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, যুগোপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, হামলাকারীদের দ্রুত বিচার, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সোলায়মান হোসেন মেহেদী। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হবে। তাই স্বাস্থ্যখাতে সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবাকে নির্বিঘ্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ