ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ গভর্নমেন্ট পাইলট হাই স্কুল এর এসএসসি ব্যাচ-২০০৩ এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) নবাবগঞ্জ কারিগরি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ ২৩ বছর পর এক ছাদের নিচে মিলিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন ব্যাচ-২০০৩ এর সাবেক শিক্ষার্থীরা। অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ শৈশব-কৈশোরের স্মৃতি ভাগাভাগি করেন, আবার কেউ স্কুলজীবনের নানা মজার ঘটনার স্মৃতিচারণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আড্ডা, হাসি-আনন্দ ও আন্তরিক কুশল বিনিময়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র্যাফেল ড্র এবং পিকনিকের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন পুরনো বন্ধুত্বকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তোলে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, “প্রাণের বন্ধনে ও স্মৃতির টানে আবারও একসাথে হওয়ার এই আয়োজন আমাদের সবার জন্য আনন্দ ও ভালোবাসার মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা সত্যিই আবেগের ও আনন্দের। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে এসএসসি ব্যাচ-২০০৩ এর বিপুল সংখ্যক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী পুরো আয়োজন আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিময় মুহূর্তে ভরে ওঠে।

0 মন্তব্যসমূহ