নবাবগঞ্জ করতোয়া নদী সংলগ্ন গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব ভোটারপাড়া এলাকায় করতোয়া নদী সংলগ্ন গ্রামের ভিতরের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করেন, করতোয়া নদীর তীরবর্তী হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি মুহূর্তে অসুস্থ রোগী হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়তে হয়। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে না পেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সচেতন মহলের দাবি, দ্রুত রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ