নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে করে অন্তত ৫টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
জানা যায়, উপজেলার রামপুর মৌজার জোড়া টাওয়ার এলাকার বাসিন্দারা প্রায় ২০ বছর ধরে একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন, যা তাদের বাড়ি থেকে পূর্ব দিকে মূল সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করত। স্থানীয়দের দাবি, ওই রাস্তা এলাকার বাসিন্দারা নিজেদের জমির অংশ ছেড়ে দিয়ে নির্মাণ করেছিলেন এবং এটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
ভুক্তভোগীরা জানান, গত ৫ মে ২০২৬ তারিখে একই এলাকার বাসিন্দা মোঃ আনারুল ইসলাম হঠাৎ করে ওই রাস্তার মাঝামাঝি স্থানে ইটের দেয়াল নির্মাণ করে চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এ সময় তিনি কয়েকজন লোক নিয়ে সেখানে অবস্থান করায় এলাকাবাসী ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি।
এতে করে বর্তমানে ওই ৫টি পরিবারের স্বাভাবিক যাতায়াত সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে রাস্তা পুনরায় উন্মুক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্যসমূহ