ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অর্পিত সম্পত্তির বকেয়া লিজ মানি আদায় ও তালিকা হালনাগাদে সশরীরে মাঠপর্যায়ে তদন্ত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, যেসব অর্পিত সম্পত্তির লিজ বকেয়া রয়েছে, তাদের সবাইকে এক সপ্তাহের মধ্যে লিজ মানি পরিশোধের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইন অনুযায়ী এসব সম্পত্তির লিজ বাতিল করে অন্য আবেদনকারীদের নিকট হস্তান্তরের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অর্পিত সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় এর যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও তদন্ত কার্যক্রম চলছে। মাঠপর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে কোন সম্পত্তি কার দখলে আছে, লিজ বকেয়া আছে কি না—সব তথ্য হালনাগাদ করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ