নবাবগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্‌যাপন


  ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :২৬ নভেম্বর ২০২৫:“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন।


এছাড়া অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ হোসেন আলী, খাদ্য কর্মকর্তা মোঃ মোফাকখরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোর মাধ্যমে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক পশুপালন প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা, দুগ্ধ ও ডেইরি উন্নয়ন বিষয়ক নানা তথ্য-উপাত্ত প্রদর্শন করা হয়।


প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় কৃষক, খামার মালিক, পশু চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।


অতিরিক্ত আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, টিকার গুরুত্ব ও প্রাণিসম্পদ সম্পদ বৃদ্ধিতে সরকারের চলমান উদ্যোগ সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।


অনুষ্ঠানের শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা স্টল পুরস্কার এবং সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আয়োজকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ