নবাবগঞ্জে রাতের আগুনে নিঃস্ব ১১ পরিবার: দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু


ওয়ায়েস কুরুনী স্টাফ  করসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জে শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ৭টি গরু পুড়ে মারা যায় এবং রইচ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর পরই হঠাৎ একটি বাড়িতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো গ্রামজুড়ে দাহ্য আগুন তাণ্ডব চালায়। আগুনে বহু ঘরবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ গবাদিপশুও পুড়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।


ঘটনার পর পরই ক্ষয়ক্ষতি পরিদর্শনে ঘটনাস্থল পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।


এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান বলেন, “আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে আসেছি। এখানে ১১টি ঘর, ৭টি গরু পুড়ে গেছে এবং রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা গেছেন। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছি। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রইচ উদ্দিনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের পাশে আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকব।”


মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ