ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট
উত্তরবঙ্গের প্রখ্যাত আলেম ও বিশিষ্ট দাঈ, আখিরার পীরজাদা মাওলানা মুশফিকুর রহমান (রহ.)-এর জানাজা নামাজ আজ সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে আখিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লির ঢল নামে।
এর আগে আজ সকাল ৬টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন মরহুম আজগার আলী পীর সাহেবের সুযোগ্য সন্তান এবং উত্তরাঞ্চলের অন্যতম প্রখ্যাত আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব।
দীর্ঘ অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তিনি দ্বীনের দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ওয়াজ-মাহফিলে তার সুমধুর কণ্ঠ, বিনয়ী আচরণ ও হৃদয়ছোঁয়া বয়ান শ্রোতাদের গভীরভাবে প্রভাবিত করত। একসময় এই অঞ্চলের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ওয়াজ মাহফিলে তার উপস্থিতি ছিল অনিবার্য।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে এলাকাবাসীসহ অসংখ্য ভক্ত, আলেম-ওলামা ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

0 মন্তব্যসমূহ