ফরেস্টের জমিতে একাধিক এসটিডব্লিউ লাইসেন্স ইস্যু: তদন্তে উপজেলা প্রশাসন, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

 

ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-

দিনাজপুর জেলার নবাবগঞ্জে ফরেস্টভুক্ত সরকারি জমিতে একাধিক এসটিডব্লিউ (শ্যালো টিউবওয়েল) লাইসেন্স ইস্যু হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগের জমিতে কীভাবে একাধিক লাইসেন্স ইস্যু হলো—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেওয়ায় বিষয়টি তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান বলেন,

“ফরেস্ট বিভাগের জমিতে কোনো অবস্থাতেই এসটিডব্লিউ লাইসেন্স ইস্যুর সুযোগ নেই। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে যদি অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধভাবে ইস্যুকৃত লাইসেন্স বাতিল করা হবে।”


তিনি আরও বলেন, সরকারি জমি ও বনভূমি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ