নবাবগঞ্জে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

 

ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নাধীন সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে উপজেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ জানুয়ারি) বেলা ৩টায় ১নং জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ১নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান।


উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ (দিনাজপুর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।


সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা জোরদার এবং অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি টেকসই ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ