নবাবগঞ্জ (দিনাজপুর):
প্রযুক্তিনির্ভর যুবশক্তি গড়ে তোলার লক্ষ্যে বহুপাক্ষিক অংশীদারিত্বে “অগ্রগতিতে যুবশক্তি” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ তারেক সেফাতী, যুব উন্নয়ন শিক্ষক (কম্পিউটার) নন্দ কুমার, পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের জন্য তথ্যপ্রযুক্তি জ্ঞান অপরিহার্য। এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ ও পিছিয়ে পড়া যুবসমাজ আধুনিক ও মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দক্ষ জনশক্তি হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে এবং চাকরির বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে।
বক্তারা আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং টেকাব (TEKAB) প্রকল্পের আওতায় পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

0 মন্তব্যসমূহ