স্টাফ করেসপন্ডেন্ট :আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি (দিনাজপুর-৬), মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এর সঙ্গে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ।
মন্ত্রী সভাস্থলে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
সভায় চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড, নারী ও শিশুকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে সমাজকল্যাণমূলক ভাতা ও সহায়তা কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে যায়, সে বিষয়ে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, “সরকারি সেবা প্রদানে কোনো প্রকার গাফিলতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়টি মন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
সভা শেষে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

0 মন্তব্যসমূহ