ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নারীর নেতৃত্ব বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন জোরদারের লক্ষ্যে “সমান আওয়াজ (Samaan Aawaaj) – Equal Voice” প্রকল্পের ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে “সমান আওয়াজ” প্রকল্প এবং বাস্তবায়ন করছে খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)। প্রকল্পটি সহায়তা দিচ্ছে কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
জানা যায়, প্রকল্পটির মোট বরাদ্দ প্রায় ১০ লাখ মার্কিন ডলার এবং এর মেয়াদ ৩ বছর। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও ফুলবাড়ি—এই দুই উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের মাধ্যমে মোট ৯৫০ জন উপকারভোগী সরাসরি সুবিধা পাবেন।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই প্রকল্প নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, “সমান আওয়াজ” প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

0 মন্তব্যসমূহ