ওয়ায়েসকুরুনী স্টাফ রিপোর্টের :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার কিশোরী মেয়ের ওপর নৃশংস হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোছাঃ নাজমা খাতুন (২৮) থানায় দায়ের করা এজাহারে জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ ফকিরপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান (৫০), তার ছেলে মোঃ মেজবাউল (২০), স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪৫) এবং লাউগাড়ী এলাকার মোঃ শেখ (৫২)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযোগে বলা হয়, প্রায় এক মাস আগে অভিযুক্তরা নাজমা খাতুনের শরিষা ক্ষেত নষ্ট করে সেখানে ধান রোপণ করে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর থেকেই তারা নাজমা ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে নাজমার মা মোছাঃ রুপালী বেগম (৪৫) ও ছোট বোন মোছাঃ শামিমা (১৫) তাদের পৈতৃক জমিতে ধান রোপণের জন্য হালচাষ করাতে গেলে অভিযুক্তরা লাঠি ও লোহার শাবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে গালিগালাজ শুরু করে।
এক পর্যায়ে মেজবাউল লোহার শাবল দিয়ে রুপালী বেগমের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি সরে গেলে তা থুতনিতে লেগে গুরুতর কাটা জখম হয়। পরে অন্যরা লাঠি ও শাবল দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে বলে অভিযোগে বলা হয়।
মাকে বাঁচাতে এগিয়ে গেলে কিশোরী শামিমাকেও লোহার রড দিয়ে মারধর করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করলে অভিযুক্তরা জমিতে প্রবেশ করলে প্রাণে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়েকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে, ফলে তারা নিজেদের বাড়িতেও প্রবেশ করতে পারছেন না।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

0 মন্তব্যসমূহ