ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে “SAY SRHR” প্রকল্পের ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন পদ্ধতি ও সম্ভাব্য উপকারভোগীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এটিএম মোফাখ্খারুল ইসলাম, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কনট্রাসেপশন) ডা. মোঃ রেজাউল করিম এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
সভায় SAY SRHR প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে প্রকল্পের ওভারভিউ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ লুৎফুল বিন ফারুক। এ সময় প্রকল্পের ওভারভিউ বিষয়ে উন্মুক্ত আলোচনা অধিবেশন পরিচালনা করেন নবাবগঞ্জ SAY-SRHR প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর (জেন্ডার) শাহানা ইয়াসমিন।
অনুষ্ঠানটি আয়োজন করে ল্যাম্ব (LAMB)-এর কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (CHDP)। প্রকল্পটি অর্থায়ন করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ওয়ার্ল্ড রিনিউ (World Renew)।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদান এবং নিরাপদ স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

0 মন্তব্যসমূহ