ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার, নবাবগঞ্জ (দিনাজপুর):“যদি হই রক্তদাতা, জয় করব মানবতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ রমজান (১৯ মার্চ ২০২৬) পাইলট স্কুলের ২৭টি ব্যাচের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রক্তসেবার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রকি জানান, তাদের সংগঠন ইতোমধ্যে ৪৩০০-এর বেশি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত সরবরাহ করেছে। তিনি বলেন, “মানবতার সেবায় আমরা সবসময় প্রস্তুত। একটি রক্তদানই পারে একজন মানুষের জীবন বাঁচাতে।”
এসময় পাইলট স্কুলের শিক্ষক মোন্নাফ স্যার বক্তব্য রাখতে গিয়ে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। তরুণ সমাজ এগিয়ে এলে সমাজ থেকে অনেক কষ্ট দূর করা সম্ভব।”
ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার এক অনন্য উদযাপন।

0 মন্তব্যসমূহ