নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একই রাতে দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। এছাড়াও পৃথক আরেকটি বাড়িতে চুরির ঘটনায় প্রায় তিন লাখাধিক টাকার মালামাল লুট হয়েছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মালভবানীপুর গ্রামে মেহেদী হাসানের বাড়িতে চোরেরা হানা দেয়। এ সময় তারা স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা মেহেদী হাসান, তার মা রোজিবা বেগম ও স্ত্রী মেঘলা বানু গুরুতর আহত হন।
এর প্রায় দুই ঘণ্টা পর একই উপজেলার কাজীপাড়া গ্রামে শাহজাহানের বাড়িতে আবারও চুরিসংঘটিত হয়। চোররা মালামাল লুট করার সময় গৃহকর্তার ৭ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদাকে পিটিয়ে আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়।
আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে একই রাতে উপজেলার নারায়নপুর সাহাপাড়া এলাকায় রতিন চন্দ্র রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা একটি ডিসকভার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ কাঁসার তৈরি বাসন-কোসন ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


0 মন্তব্যসমূহ