নবাবগঞ্জে বন বিভাগের জমি উদ্ধার: দখলমুক্ত করে নতুন করে চারা রোপণ




ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর বিটের বড় রঘুনাথপুর মৌজার মোহাম্মদপুর গ্রামের ২১৮৯ দাগের প্রায় ১০ একর জমির মধ্যে ২ বিঘা দখলমুক্ত করেছে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় হরিপুর বিট কর্মকর্তা শামসুল ইসলাম তার স্টাফ ও উপকারভোগী সদস্যদের নিয়ে জমি উদ্ধারের অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে বন বিভাগ দখলকৃত জমি উদ্ধার করে সেখানে দেশি নিম ও জাম গাছের চারা রোপণ করে। স্থানীয় ব্যক্তি আব্দুল মজিদ দাবি করেন, “আমার বাপ-দাদার সময় থেকে, প্রায় ৬০-৬৫ সাল থেকে আমরা এই জমি ভোগ দখল করে আসছি। আগে এখানে আম আর কাঠাল গাছ ছিল, বন বিভাগ এসে সেগুলো কেটে নতুন চারা লাগিয়েছে।”


এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর রেঞ্জের এ সি এফ তানভীর আহমেদ বলেন,

“এ জমিটি সম্পূর্ণভাবে সরকারের মালিকানাধীন বন বিভাগের জমি। দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিল। নিয়ম অনুযায়ী দখলমুক্ত করে আমরা পুনরায় চারা রোপণ করেছি। সরকারি বনজ সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে, কেউই অবৈধভাবে সরকারি জমি দখল করে রাখতে পারবে না।”


অভিযানের পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সরকারি জমি রক্ষায় কঠোর নজরদারি আরও বাড়ানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ